offSchoolবেটা

সর্বশেষ হালনাগাদ ২৬ অক্টোবর ২০২৬

গোপনীয়তা ও ব্যবহারের শর্ত

offSchool বাংলাদেশের এসএসসি শিক্ষার্থীদের সিমুলেশন আর এআই মেন্টরের মাধ্যমে বিজ্ঞান শিখতে সাহায্য করে। আমরা কী তথ্য রাখি, কেন রাখি, আর তুমি আমাদের কী করতে বলতে পারো, তা এই পাতায় সহজ ভাষায় লেখা আছে। আমাদের বেশির ভাগ শিক্ষার্থীর বয়স ১৮-র কম, তাই শিক্ষার্থী ও অভিভাবক দুজনের জন্যই লেখা।

আমরা কারা

  • offSchool তৈরি ও পরিচালনা করেন Shihab Shahriar, ঢাকা, বাংলাদেশ। এই পাতার যেকোনো বিষয়ে লেখো [email protected] ঠিকানায়।

আমরা যা সংগ্রহ করি

  • গুগল দিয়ে সাইন ইন করলে তোমার গুগল অ্যাকাউন্টের নাম, ইমেইল ঠিকানা ও প্রোফাইল ছবি। তোমার গুগল পাসওয়ার্ড আমরা কখনো দেখি না।
  • এর বদলে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুললে আমরা তোমার ইমেইল ঠিকানা, তোমার দেওয়া নাম এবং পাসওয়ার্ড রাখি। পাসওয়ার্ডটি শুধু একমুখী হ্যাশ হিসেবে সংরক্ষণ করি, যা থেকে আসল পাসওয়ার্ড ফিরিয়ে পাওয়া যায় না। তুমি যে কোড চাও এবং পাসওয়ার্ড বদলানোর মতো অ্যাকাউন্ট-সংক্রান্ত বিজ্ঞপ্তি ছাড়া আমরা তোমাকে ইমেইল পাঠাই না।
  • তোমার শ্রেণি, বেছে নেওয়া বিষয় এবং অভিভাবকের সম্মতি।
  • শেখার সময় তুমি যা করো: কোন পাঠ ও সিমুলেশন খুলেছ, তোমার অনুমান, অনুশীলনের উত্তর ও অগ্রগতি।
  • মেন্টরকে করা প্রশ্ন আর পাঠানো ছবি, যেমন বইয়ের প্রশ্ন বা খাতার পাতা।
  • সেবা নিরাপদ রাখতে ও অপব্যবহার ঠেকাতে কিছু প্রযুক্তিগত তথ্য, যেমন আইপি ঠিকানা ও ব্রাউজার।
  • সাইন ইন করা অবস্থায় ব্যবহারের হিসাব: কোন পাতা খুলেছ, কখন সিমুলেশন চলেছে, অনুশীলনের উত্তর ঠিক হয়েছে কি না, আর মেন্টর উত্তর দিতে কত সময় নিয়েছে। তুমি যা লেখো, তা কখনো নয়।
  • যারা সাইন ইন করেননি, তাঁদের পাতা দেখার সংখ্যা Cloudflare-এর Web Analytics গোনে, কুকি ছাড়া এবং কাউকে শনাক্ত না করে।
  • প্রতি মাসে তুমি কতগুলো মেন্টর প্রশ্ন, খাতা যাচাই ও এআই-মূল্যায়ন ব্যবহার করলে, যাতে তোমার প্ল্যানের সীমা মানা যায়।
  • পেইড প্ল্যানের অপেক্ষার তালিকায় যোগ দিলে: কোন প্ল্যান বেছেছ, আর তুমি দিলে তবেই একটি মোবাইল নম্বর, যাতে পেমেন্ট চালু হলে জানাতে পারি।
  • কোনো সমস্যা জানালে: তুমি যা লিখেছ, কোন পাতা নিয়ে, তোমার ব্রাউজার, আর সাইন ইন না থাকলে তুমি চাইলে একটি ইমেইল ঠিকানা।

তথ্য কীভাবে ব্যবহার করি

  • তোমাকে শেখাতে: তোমার অগ্রগতি দেখাতে, এরপর কী অনুশীলন করবে তা বলতে আর তুমি কোথায় থেমেছিলে তা মনে রাখতে।
  • মেন্টরের উত্তর দিতে: তোমার প্রশ্ন ও ছবি পাঠানো হয় Anthropic-এর কাছে, যাদের Claude মডেল উত্তর লেখে; আর সঠিক পাঠ্য বিষয় খুঁজতে প্রশ্নের লেখা পাঠানো হয় OpenRouter-এ। উত্তর দিতে যতটুকু দরকার, শুধু ততটুকুই পাঠাই।
  • offSchool আরও ভালো করতে: ব্যবহারের হিসাব থেকে বুঝি কোন পাঠ ও সুবিধা কাজে লাগছে, আর মেন্টর কোথায় ধীরগতির।
  • আমরা তোমার তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপন দেখাই না, আর বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করি না।

তথ্য কোথায় ও কতদিন থাকে

  • তোমার অ্যাকাউন্ট ও শেখার তথ্য রাখা হয় ভারতের মুম্বাইয়ে Amazon Web Services-এ।
  • মেন্টরকে পাঠানো ছবি ৩০ দিন পর আপনা থেকেই মুছে যায়।
  • অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। আমি → অ্যাকাউন্ট থেকে নিজেই অ্যাকাউন্ট মুছে দিলে সব তথ্য সাথে সাথে মুছে যায়; আমাদের বললে ৩০ দিনের মধ্যে মুছে দেওয়া হবে।

১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী

  • বাংলাদেশের তথ্য সুরক্ষা আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীর offSchool ব্যবহারে মা-বাবা বা অভিভাবকের সম্মতি লাগে। সাইন আপের সময় শিক্ষার্থী একটা টিক দিয়ে তা নিশ্চিত করে (অথবা জানায় যে তার বয়স ১৮ বা তার বেশি); কখন সম্মতি দেওয়া হলো এবং সম্মতির ঘোষণায় কী লেখা ছিল, তার রেকর্ড আমরা রাখি।
  • মা-বাবা বা অভিভাবক যেকোনো সময় শিক্ষার্থীর অ্যাকাউন্ট ও তার সব তথ্য মুছে দিতে বলতে পারেন: [email protected] ঠিকানায় লিখুন। শিক্ষার্থী নিজেও আমি → অ্যাকাউন্ট থেকে তা মুছে দিতে পারে।
  • মেন্টর শিশুদের কথা ভেবে তৈরি: অনিরাপদ বিষয়ে সাহায্য করে না, আর কোনো শিক্ষার্থী বিপদে আছে মনে হলে বিনা খরচের হেল্পলাইন ৯৯৯ ও ১০৯৮ জানিয়ে বিশ্বস্ত কোনো বড়দের সাথে কথা বলতে বলে।

AI মেন্টর এবং এটিকে কীভাবে নিরাপদ রাখা হয়

  • মেন্টর একটি AI, মানুষ নয়। এটি Anthropic-এর Claude মডেলে চলে, আর অ্যাপে যেখানে প্রশ্ন করা যায়, তার নিচেই সেটা লেখা থাকে।
  • কারা ব্যবহার করতে পারে: Google দিয়ে সাইন ইন করতে হয়, আর ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীর offSchool ব্যবহারের আগে অভিভাবকের সম্মতি লাগে।
  • যা মেন্টর করে না: প্রতিটি প্রশ্ন আগে যাচাই করা হয়, আর আত্মক্ষতি, সহিংসতা, মাদক বা যৌন বিষয়ের মতো অনিরাপদ বিষয়ে মেন্টর সাহায্য করে না। কোনো শিক্ষার্থী মানসিক কষ্টে আছে মনে হলে তাকে বিশ্বস্ত কোনো প্রাপ্তবয়স্কের সাথে কথা বলতে বলা হয় এবং বিনা খরচে কল করার হেল্পলাইন নম্বর ৯৯৯ ও ১০৯৮ দেওয়া হয়।
  • সমস্যা যেভাবে ধরা হয়: প্রতিটি উত্তরের নিচে "এই উত্তরে ভুল আছে?" লিংক আছে। অনিরাপদ হিসেবে চিহ্নিত উত্তরগুলো সংরক্ষিত থাকে, যাতে আমরা দেখতে পারি মেন্টর পরিস্থিতি কীভাবে সামলেছে। আর মেন্টরের প্রতিটি নতুন সংস্করণ নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নসহ একগুচ্ছ নির্দিষ্ট প্রশ্ন দিয়ে পরীক্ষা করা হয়।
  • আমরা শিশুদের তথ্য নিয়ে বাংলাদেশের নিয়ম এবং অপ্রাপ্তবয়স্করা ব্যবহার করে এমন পণ্যের জন্য Anthropic-এর নির্দেশিকা মেনে চলি।

AI অ্যাপ যুক্ত করা (Claude, ChatGPT)

  • তুমি যে AI অ্যাপ ব্যবহার করো, তাতে offSchool যুক্ত করতে পারো, যাতে অ্যাপটি সিলেবাস, নোট আর সিমুলেশন দেখে পড়াতে পারে। সাইন ইন করা থাকলে এবং সম্মতির ঘোষণা দেওয়া থাকলেই AI অ্যাপ যুক্ত করতে পারবে। আর অনুমতির পাতায় তুমি ঠিক করো অ্যাপটি কী কী করতে পারবে।
  • যুক্ত অ্যাপ সিলেবাস, নোট, সিমুলেশন আর অনুশীলনের প্রশ্ন পড়তে পারে, আর তুমি অনুমতি দিলে তোমার অগ্রগতি ও অনুশীলনের উত্তরও। তোমার নাম, ইমেইল, ফোন নম্বর বা মেন্টরের সাথে তোমার কথাবার্তা অ্যাপটি কখনো পায় না।
  • যুক্ত অ্যাপ কোন টুল কখন ব্যবহার করল, তা আমরা রাখি (১৮০ দিন পর মুছে ফেলি); তুমি অ্যাপকে কী জিজ্ঞেস করলে, তা নয়। যেকোনো সময় আমি → যুক্ত AI অ্যাপ থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারো; অ্যাকাউন্ট মুছে দিলেও সব AI অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। AI অ্যাপে তুমি যা লেখো, তা সেই অ্যাপের নিজস্ব গোপনীয়তা নীতির আওতায়।

তোমার অধিকার

  • তুমি তোমার তথ্যের একটি কপি চাইতে বা ভুল ঠিক করতে বলতে পারো: যে ইমেইল দিয়ে সাইন ইন করো, সেখান থেকে [email protected] ঠিকানায় লেখো। অ্যাকাউন্টসহ সব তথ্য তুমি নিজেই আমি → অ্যাকাউন্ট থেকে মুছে দিতে পারো।
  • ভাষা ও থিমের পছন্দ শুধু তোমার ডিভাইসেই রাখা হয়।

ব্যবহারের শর্ত

  • offSchool ব্যক্তিগত শেখার জন্য। দয়া করে এর অপব্যবহার কোরো না, ভাঙার চেষ্টা কোরো না, আর এমন কিছু আপলোড কোরো না যা শেয়ার করার অধিকার তোমার নেই।
  • offSchool এখন পাবলিক বেটায়। আমরা এখনো এটাকে আরও ভালো করছি, তাই ফিচার, ডিজাইন আর এআই সীমা বদলাতে পারে, আর মাঝেমধ্যে ভুল থাকতে পারে বা অল্প সময়ের জন্য সেবা বন্ধ থাকতে পারে। প্রতিটি আপডেটের পরও তোমার অ্যাকাউন্ট আর অগ্রগতি থেকে যাবে, আর বেটা চলাকালীন পেমেন্ট চালু নেই।
  • পাঠগুলো এনসিটিবির পাঠ্যবই অনুসরণ করে, তবে এআই মেন্টর ভুল করতে পারে। গুরুত্বপূর্ণ উত্তর পাঠ্যবই বা শিক্ষকের সাথে মিলিয়ে নিয়ো।
  • সেবা সবার জন্য ন্যায্য ও সাশ্রয়ী রাখতে এআই সুবিধাগুলোর (মেন্টর প্রশ্ন, খাতা যাচাই ও এআই-মূল্যায়ন) ঘণ্টা, দিন ও মাসের সীমা আছে, যা তোমার প্ল্যানের ওপর নির্ভর করে। সিমুলেশন, নোট আর স্বয়ংক্রিয় মূল্যায়নের অনুশীলনে কোনো সীমা নেই।
  • আমরা এই পাতা হালনাগাদ করতে পারি। গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হলে কার্যকর হওয়ার আগে অ্যাপে জানিয়ে দেব।